২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের অভিযোগে ভোলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে এক কিশোরকে অপহরণের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

গ্রেপ্তার আসাদ মিজি  উপজেলার দেউলা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার দেউলা ইউনিয়নের বড়পাতা গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করা হয়।

উদ্ধার আব্বাস (১৫) বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামের রশিদ সর্দারের ছেলে।

এসপি বলেন, মঙ্গলবার দুপুরের মোটরসাইকেলে করে এসে একদল দুর্বৃত্ত ফুলকাচিয়া গ্রাম থেকে আব্বাসকে তুলে নিয়ে যায়। এরপর তার পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

“আব্বাসের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার বিকালে বড়পাতা গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার এবং আসাদ মিজিকে গ্রেপ্তার করে।”