গাজীপুর আদালতে বোমা হামলার ১০ বছর
গাজীপুর জজ আদালতের আইনজীবী সমিতি মিলনায়তনে জেএমবির বোমা হামলার ১০ বছর পূর্ণ হয়েছে।
২০০৫ সালের ২৯ নভেম্বর সমিতির দুই নম্বর হল রুমে জেএমবির এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই হামলায় ছয় আইনজীবী, চার বিচারপ্রার্থী ও হামলাকারী নিহত হন। আহত হন অন্তত ৫০ জন।
ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলার মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে। বাকি দুটি ঢাকায় দ্রুত বিচার (বিশেষ) আদালতে বিচারাধীন রয়েছে।
দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা আইনজীবী সমিতি নানা কর্মসূচির আয়োজন করেছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া জানান, বোমা হামলায় ওইদিন ঘটনাস্থলে চার আইনজীবীসহ নয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও দুই আইনজীবী।
ঘটনাস্থলে নিহতরা হলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা ও অ্যাডভোকেট গোলাম ফারুক অভি।
নিহত চার বিচারপ্রার্থী হলেন আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম।
এছাড়া নিহত আত্মঘাতী জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।
এর কয়েকমাস পর অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন হাসপাতালে মারা যান বলে জানান সমিতির সাবেক সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া।
তিনি আরও জানান, ওই হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছিল। এরমধ্যে একটির বিচার শেষ হয়েছে। অপর দুই মামলা ঢাকায় দ্রুত বিচার (বিশেষ) আদালতে বিচারাধীন রয়েছে।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মোহাম্মদ ইব্রাহিম জানান, বোমা হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজধারণ, কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিল।
