২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: বোয়ালমারীতে আ.লীগের একাধিক প্রার্থী

আসন্ন বোয়ালমারী পৌরসভার নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকলেও, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অনেকে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2015, 07:49 PM

Updated : 25 Apr 2022, 02:12 PM

তফসীল ঘোষণার পর ফরিদপুরের বোয়ালমারীর পৌরসভা নির্বাচনের জন্য মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণাসহ প্রস্তুতি নিচ্ছে জেলা আওয়ামী লীগ।

দলীয়ভাবে পৌর মেয়র নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের পর ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য দেখা দিয়েছে।

আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীতার জন্য দলের মনোনয়ন নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। মাঠ পর্যায়ে জনসংযোগের পাশপাশি নিজ দলের উচ্চ পর্যায়ের ও স্থানীয় সংসদ সদস্যের সাথে যোগাযোগ করেছেন প্রার্থীরা।

বর্তমান মেয়র আব্দুর শুকুর শেখ-ই বিএনপির প্রার্থী হচ্ছেন। এছাড়া অন্য কারো নাম এখনও শোনা যায়নি।

অপরদিকে অর্ধ ডজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

ফরিদপুর-১ আসনের (বোয়ালমালী-মধুখালী- আলফাডাঙ্গা) সংসদ সদস্য আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘একটি বড় দলের একাধিক প্রার্থীই থাকতে পারে। সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে আমরা প্রার্থী নির্বাচন করব।

‘আওয়ামী লীগের সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরামর্শ এক্ষেত্রে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে, প্রয়োজনে তাদের সরাসরি ভোটে আমরা মেয়র প্রার্থী নির্ধারণ করা হবে।’

এই পৌর সভায় আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, মোজাফফর হোসেন বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু ও মোশাররফ চৌধুরী, যুবলীগ নেতা মো. মনিরুজ্জামান মৃধা লিটন।

বিএনপির সমর্থন নিয়েই দুই বার নির্বাচিত বর্তমান মেয়র আব্দুল শুকুর শেখ এলাকায় তার গ্রহযোগ্যতার ব্যাপারে আস্থাশীল।

ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে, দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত হওয়ার পর সেই আলোকে আমরা পদক্ষেপ নেব।”

২০০০ সালে প্রতিষ্ঠিত বোয়ালমারী পৌরসভার আয়তন ১৩ দশমিক ৫৬ বর্গকিলোমিটার। ১৮ হাজার ৯৭৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৬২৮ ও পুরুষ ভোটারের সংখ্যা ৯ হাজার ৩৪৬।

এর আগে ২০১১ সালে ১৭ জানুয়ারি বোয়ালমারী পৌরসভার  নির্বাচন অনুষ্ঠিত হয়।