২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট: পোস্টার-বিলবোর্ড উচ্ছেদ শুরু চাঁদপুরে

আসন্ন পৌরসভা নির্বাচনে চাঁদপুরে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের পোস্টার-বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে নির্বাচন কমিশন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2015, 01:30 PM

Updated : 22 Aug 2022, 02:04 PM

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বুধ ও বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি জারি করা হয় মাইকিংয়ের মাধ্যমে।

এরপর শুক্রবার বিলবোর্ড, পোস্টার, ফেস্টুনসহ সব ধরনের প্রচারণা-সামগ্রী উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

হাজীগঞ্জে অভিযানে ছিলেন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত জাহান পারভীন, হাজীগঞ্জ থানার এএসআই নুরুল ইসলাম প্রমুখ।

কচুয়া, ফরিদগঞ্জ, মতলব ও ছেংগারচর পৌরসভায়ও প্রশাসনের লোকজনের উপস্থিতে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৯ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের প্রচারণা নিষিদ্ধ করেছে কমিশন।

“৯ ডিসেম্বরের পর শুধু ঘরোয়া বৈঠক ও পথসভা করা যাবে। ১৪ তারিখের পর তফসিল মোতাবেক প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।”