মাগুরা পৌরসভায় মেয়রের দৌড়ে এক ডজন
পৌর নির্বাচনকে সামনে রেখে মাগুরায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ প্রায় একডজন মেয়র নির্বাচনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তফসিল ঘোষণার আগে থেকেই তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যানার, পোস্টার ও বিলবোর্ডকেন্দ্রিক প্রচরণা শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, তফসিল ঘোষণার পর প্রচার-প্রচারণা আরও বেড়েছে। প্রার্থীরা এখন ওয়ার্ড পর্যায়ে তৃর্ণমূল নেতা-কর্মী ও ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
২০১৩ সালের ৬ মে অনুষ্ঠিত হয় মাগুরা পৌর সভার উপ-নির্বাচন। তখন বিএনপির ইকবাল আকতার খান কাফুর নির্বাচিত হন।
ইকবাল আকতার খান কাফুর এবারও মেয়র পদের জন্য নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, মাগুরা শহরের রাস্তা-ঘাটের অবস্থা খুবই খারাপ। গেল বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় পৌরবাসীর ব্যাপক দুর্ভোগ হয়েছিল।
মাগুরা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবু রেজা নান্টু বলেন, “পৌর কর বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন নাগরিক সুবিধার আদয়ে ইতিপূর্বে তারা পৌর কতৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করেছেন। কিন্তু কোনো ফল হয়নি।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুল মেয়র প্রার্থী হিসেবে প্রচার -প্রচারণা শুরু করেছেন।
আওয়ামী লীগ থেকে অর্ধ ডজন নেতা নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।
তাদের অনেকে শহরের বিল বোর্ড ব্যানার লাগিয়ে পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি কর্মী-সমর্থকদের নিয়ে ঘরোয়া বৈঠক করছেন। আবার কোনো কোনো নেতা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজাও মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা রাখেন বলে জানিয়েছেন।
স্বতন্ত্র হিসেবে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায় (তপন ঠাকুর)।
আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
এক লাখ ১২ হাজার জনসংখ্যার মাগুরা পৌরসভার সীমানা ৪৪ দশমিক ৩৬ বর্গ কিলোমিটার। ভোটারসংখ্যা ৬৫ হাজার ৫৮৯।
