দিনমজুরের মেয়ে ও শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরের কালকিনিতে এক দিনমজুরের মেয়ে ও শ্যালিকাকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠার ছয়দিনের মাথায় একটি মামলা হয়েছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বুধবার সন্ধ্যায় ডাসার থানায় ওই দিনমজুর মামলা করেন। এতে আতাউর দর্জিসহ অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।
কালকিনি উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ডাসার থানা এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার গভীর রাতে ৭ থেকে ১০ জন যুবক তাদের ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটে নেয়।
এরপর তারা ওই দিন মজুরের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ে (১২) ও শ্যালিকাকে (২৪) ঘরের বাইরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে জানান তারা।
দুর্বৃত্তদের মধ্যে স্থানীয় প্রভাবশালী আকছেদ দর্জির ছেলে আতাউর দর্জিকে পরিবারের লোকজন চিনেছে বলেও দাবি করছেন তারা।
