বগুড়ায় কর্মীদের হাতে লাঞ্ছিত জাপা সাংসদ
উন্নয়ন বরাদ্দ দেওয়ার ঘটনা নিয়ে স্থানীয় কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বগুড়ার জাতীয় পার্টির এক সংসদ সদস্য।
শুক্রবার দুপুরে দলের জেলা বর্ধিত সভায় এ ঘটনার শিকার হন বগুড়া -৭ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন।
ঘটনার পর হট্টগোলে সভা প্রায় একঘণ্টা স্থগিত থাকে। পরে অন্য নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সভার শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন থাকে।
জেলা জাপা সভাপতি ও সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন সাংসদ ও জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, সাংসদ নুরুল ইসলাম তালুকদার ও সাংসদ আলতাফ হোসেন প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেনের বিরুদ্ধে ডিও ও প্রকল্প বরাদ্দসহ নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন জেলা সাংগাঠনিক সম্পাদক স্বপন সরকার।
এরপর আলতাফ হোসেনের বক্তব্যের সময় নেতাকর্মীরা মঞ্চে উঠে তার উপর চড়াও হয়। এক পর্যায়ে তার প্রতি চেয়ার ও জুতা ছুড়ে মারে।
পরে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বিক্ষুদ্ধ নেতাকর্মীদের হাত থেকে রক্ষা করেন। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকসভা স্থগিত করা হয়।
দুপুর ২টার দিকে পুনরায় সভা শুরু হয়।
এ ব্যপারে জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, সভা কিছুক্ষণ বন্ধ রেখে পরে আবার চালু করা হয়।
আলতাফ হোসেন বলেন, “আমি স্বপন সরকারকে একটি স্কুলের সভাপতির বিষয়ে ডিও লেটার দিয়েছিলাম। কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী তার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাই আরেকটি ডিও লেটার দিয়েছি।
“এটি কি আমার অপরাধ? এই কারণে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে।”
