২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে মনোনয়নের আগাম লড়াই

আগামী পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

সাইফুল স্বপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 12:17 AM

Updated : 25 Apr 2022, 02:10 PM

প্রার্থী হতে ইচ্ছুকরা গণসংযোগের পাশাপাশি দলীয় নেতাদের কাছে তদবির শুরু করছেন বলে অনেকেরই দাবি।

কোন কোন দল নির্বাচন করবে আর কেই-বা হবেন দলীয় প্রার্থী তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে পৌরসভায় শুধু মেয়র পদে দলীয় প্রার্থিতার সুযোগ রেখে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১৫ পাস হয়েছে। ফলে পৌরসভায় কাউন্সিলর প্রার্থীরা নির্দলীয়ভাবে ভোট করতে পারবে। আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচন করতে চলতি মাসের মাঝামাঝি তফসিল ঘোষণার ইচ্ছার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিউদ্দীন আহমদ।

এরই মধ্যে লক্ষ্মীপুর জেলার কয়েকজন নেতা নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। আওয়ামী লীগ ও বিএনপির এই নেতারা কে কী এজেন্ডা নিয়ে মাঠে নামবেন তাও উঠে আসছে তাদের বক্তব্যে।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, “পাঁচ বছরে আমি লক্ষ্মীপুর পৌরসভাকে আদর্শ শহর হিসাবে গড়ে তুলেছি। পৌর সভায় একটি আধুনিক শিশু পার্ক গড়ে তুলেছি, শহরের মাঝখান থেকে গরুর হাটকে শহরের একপাশে গড়ে তুলেছি।

“পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে ১৫টি ওয়ার্ড করেছি। রাস্তাঘাট, সেতু নির্মাণ, শহরের যানজট নিরসনের জন্য তিনটি সেতু ও পানি সমস্যার সমাধানের জন্য পানির ট্যাংক র্নিমাণ করেছি।”

এসব উন্নয়ন কাজ অব্যবহৃত রাখার জন্য আগামী নির্বাচনে মেয়র পদ লড়াই করতে চান গত পৌরসভা নির্বাচনে প্রায় ১৯ হাজার ভোট পেয়ে বিজয়ী এই নেতা।

তবে বিগত জনপ্রতিনিধিরা পৌরসভায় কোন উন্নয়ন কাজ করে নাই বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ ন ম ফজলুল করিম।

তিনি বলেন, “তারা জনগণের কথা চিন্তা করে নাই, নিজের পকেট ভারি করেছে।

“আমি জনগণের সেবা ও উন্নয়নের জন্য আগামী নির্বাচনে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নির্বাচন করব।”

দলের সমর্থন আশা করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শাম্মীও।

তিনি পরিকল্পিত উন্নয়ন, সুষম বণ্টন ও পৌর সভার উন্নয়নের কাজে সব ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান।

তিনি বলেন, “পৌরসভাকে একটি পরিবারের জিম্মি দশা থেকে মুক্ত করা, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত লক্ষ্মীপুর পৌরসভা গড়ার জন্য আমি নির্বাচন করতে চাই।”

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে লক্ষ্মীপুর পৌরসভাকে ডিজিটাল লক্ষ্মীপুর পৌরসভা গড়ার জন্য নির্বাচন করতে চান বলে জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহি উদ্দিন বকুল।

আর লক্ষ্মীপুর পৌরসভাকে ডিজিটাল ও মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার জন্য এবার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করবেন বলেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।

তিনি বলেন, “দল যদি মনোনয়ন দেয় তাহলে আমি র্নিবাচন করব।”

আওয়ামী লীগের বেশ কজন নেতার পাশাপাশি বিএনপির কয়েকজন নেতাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন। তবে দল নির্বাচনে আসবে কিনা সেটাই তাদের প্রধান চিন্তা।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও  জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, “পৌরসভার ৭০ ভাগ ভাগ মানুষ গরিব ও নিরীহ মানুষ, তাদের জন্য পৌরসভার মাধ্যমে একটি ক্লিনিক গড়ে তুলব।

“যেখানে গাইনি ও শিশু রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে।”

শিক্ষার মান ও  শিক্ষার হার বৃদ্ধি, বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা, মাদক মুক্ত লক্ষ্মীপুর পৌরসভা গঠন এবং  ঘুষ-দুনীর্তি মুক্ত লক্ষ্মীপুর পৌরসভা গড়াও তার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্য।

এ দলের সমর্থন চান লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন।

তিনি বলেন, “দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আর আমি যদি মনোনয়ন পাই, তাহলে জনগণের সেবা ও উন্নয়নের জন্য একটি আদর্শ পৌরসভা গড়ে তুলতে নির্বাচন করতে চাই।

জেলার লক্ষ্মীপুর পৌরসভায় বইছে নির্বাচনী আমেজ। ডিসেম্বরে দেশব্যাপী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন থেকে এমন ঘোষণার পর থেকে পৌরসভায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আগাম প্রচার-প্রচারণা শুরু করেছে।

এবার লক্ষ্মীপুর পৌরসভায় ১৫টি ওয়ার্ডে প্রায় ৬৫ হাজার ভোটার রয়েছেন।