২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন থেকে তরুণের লাশ উদ্ধার

বাগেরহাটে নিখোঁজের চারদিন পর সুন্দরবন থেকে এক তরুণের দুই পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 03:32 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

শরণখোলা থানার ওসি রেজাউল করিম জানান, বুধবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর বন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তালুকদার তারিকুজ্জামান সোহাগের (১৮) শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত তালুকদার বাদশা মিঞার ছেলে।

ওসি বলেন, বুধবার বিকালে স্থানীয়রা সোহাগের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তার মা তাসলিমা বেগম থানায় এসে ছেলের লাশ শনাক্ত করেন।

“সোহাগের গলায় লুঙ্গি দিয়ে ফাঁস লাগানো ও দড়ি দিয়ে দুই পা বাধা ছিল।”

তাসলিমা বেগমের বরাত দিয়ে ওসি জানান, গত ১৪ নভেম্বর বিকেল চারটার সোহাগ শরণখোলা থেকে ঢাকায় রওনা হন। এরপর থেকে সোহাগ নিখোঁজ ছিলেন।

পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যার পর সুন্দরবনে ফেলে গেছে বলে প্রাথমিক ধারণা ওসির।

লাশ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় মামলা হয়েছে।