২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতি ও কারামহাপরিদর্শকের বাড়িতে নিরাপত্তা জোরদার

দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড বহাল রাখার মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহা ও কারামহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনের গ্রামের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 10:17 AM

Updated : 12 Oct 2022, 04:29 PM

পুরনো খবর:

বিচারপতি সিনহার গ্রামের বাড়িতে আগুন

দুজনেরই গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।

দুই যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন বুধবার খারিজ করে দেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Image
এস কে সিনহা

এস কে সিনহা

কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তিলকপুর গ্রামের বাড়ি এবং কারামহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সিংরাউলী গ্রামের বাড়িতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

“আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধের পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বদরুল হাসান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ১০টায় কমলগঞ্জ থানা থেকে পুলিশ মোতায়েন করে বাড়ি দুটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া টহল পুলিশ সার্বিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে তিনি জানান।

পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল জানান, আইন-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রধান বিচারপতির ছোট ভাই নীলমনি সিনহা বলেন, “বাড়ির নিরাপত্তায় চারজন পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে আমাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।”

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে আপিল বিভাগের যে বেঞ্চ রায় দিয়েছিল, বিচারপতি সিনহা সেই বেঞ্চের সদস্য ছিলেন।

২০১১ সালে ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণাকারী বেঞ্চেরও সদস্য ছিলেন তিনি।

এছাড়া তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ২০১৩ সালের ১১ ডিসেম্বর দুর্বৃত্তরা তৎকালীন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার তিলকপুরের বাড়িতে আগুন দিয়েছিল।