স্ত্রীর যাবজ্জীবন
স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের একটি আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামি চাঁদ সুলতানার (৪১) উপস্থিতিতে এ রায় দেন।
একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
চাঁদ সুলতানা মাগুরার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার মেয়ে।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. হারিছ উদ্দিন আহামদ জানান, চাঁদ সুলতানা তার স্বামী নজরুল ইসলাম ও তাদের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গাজীপুরে ভোগড়া বাইপাস এলাকায় ভাড়া থাকতেন।
পারিবারিক কলহের জের ধরে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি চাঁদ বটি দিয়ে নজরুলকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাগ্নে ইদ্রিস মিয়া বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন এবং চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১০ সালের ৩১ জুলাই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
