বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)এবং ভারতীয় সীমান্তরক্ষী(বিএসএফ)এর আঞ্চলিক অধিনায়ক পর্যায়ে চারদিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
বুধবার সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় সিলেটের তামাবিল এলাকা দিয়ে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি সুদেশ কুমারের নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে আসেন। এসময় বিজিবি কর্মকর্তরা তাদের স্বাগত জানান।
সম্মেলনের আলোচ্যসূচি অনুযায়ী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনায় সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি, নির্বিচারে আহত ও হত্যার পাশাপাশি অপহরণ ও আটকের বিষয়টি প্রাধান্য পাবে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় কারাগারে দীর্ঘদিন আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনাসহ মাদক পাচার ও চোরাচালান রোধে করনীয় সম্পর্কে আলোচনা হবে।
সম্মেলনে বিজিবির সরাইল ও চট্টগ্রাম অঞ্চল এবং বিএসএফের মেঘালয়, মিজোরাম, কাচার ও ত্রিপুরা অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সুদেশ কুমারের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও সরাইল রিজিয়ন কমান্ডার মো. লতিফুর হায়দারের নেতৃত্বে বিজিবির ২০ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছেন।
আগামী ২১ নভেম্বর তাদের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।
