২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশন দেখে কাঁচা মাংস খাওয়ার শিক্ষা

স্যাটেলাইট চ্যানেল ডিসকভারিতে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা বিষয়ক অনুষ্ঠান দেখে কয়েক মাসের চেষ্টায় নানা ধরনের প্রাণীর কাঁচা মাংস খাওয়ায় অভ্যস্ত হয়েছেন জয়পুরহাটের যুবক জাহাঙ্গীর আলম।

মোমেন মুনি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 02:50 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

জাহাঙ্গীর জয়পুরহাট শহরের আরাফাত নগর এলাকার ঈদগাহ কলোনীর বাসিন্দা ও পুলিশ সদস্য শফিকুল ইসলামের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জাহাঙ্গীরের বাড়ির সামনে ভীড় করেছে শিশু-কিশোর, বৃদ্ধসহ সাধারণ মানুষ। এছাড়া জাহাঙ্গীর যেখানেই যাচ্ছেন মানুষ তার পিছু পিছু ছুটছে।

এলাকাবাসী জানান, জাহাঙ্গীর কাঁচা মাছ-মাংস ছাড়াও ব্যাঙ, কেঁচো, কাঁকড়া, শামুক কাঁচা খেতে পারেন। আগুনে ঝলসে খেতে পারেন সাপও।

শুধু তাই নয় এ যুবক গাছ ও ভবনসহ উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার কৌশলও আয়ত্ব করেছেন।  

জাহাঙ্গীর তার এ পারদর্শিতার দৃশ্য গণমাধ্যমে দেখানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিসকভারি চ্যানেলে প্রচারিত দুর্গম এলাকায় টিকে থাকার অনুষ্ঠানের অনুকরণে আমি কাঁচা মাছ, মাংস, ব্যাঙ আর সাপ খাওয়াসহ উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার কৌশল আয়ত্ত করেছি।”

স্থানীয় যুবক মেহেদী হাসান, সামিউল হক, ওয়াসেক হোসেন জানান, জাহাঙ্গীর কয়েক মাস ধরে জ্যান্ত জীবজন্তু ধরে কাঁচা মাংস খাওয়া রপ্ত করেছেন।