২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: দুই প্রত্যক্ষদর্শীর জবানবন্দি

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জবানবন্দি দিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 02:46 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের এজলাসে জবানবন্দি দেন হবিগঞ্জের মিজানুর রহমান ও নজরুল ইসলাম।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর জানিয়েছেন, এ পর্যন্ত মোট আটজনের জবানবন্দি নেওয়া হলো।

আলোচিত এ মামলায় মোট ১৭১ জনের জবানবন্দি শুনবে আদালত।

আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ রেখেছেন বিচারক।

আইনজীবী কিশোর কুমার জানান, সাক্ষ্যগ্রহণের নবম দিনে মামলার ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১২ জনকে আদালতে হাজির করা হয়।

তবে অসুস্থতার কারণে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে হাজির করা হয়নি।

গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের জবানবন্দির মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।

আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

তিন দফা তদন্তের পর তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গৌছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।