২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের সাজা দ্রুত কার্যকরের দাবি ফরিদপুরবাসীর

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর তার জেলা ফরিদপুরের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ এই যুদ্ধাপরাধীর সাজা দ্রুত কার্যকর দেখতে চান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 12:45 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

এদিকে মৃত্যুদণ্ড বহালের খবর শোনার পর জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।  

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছিলেন মুজাহিদ, যা বুধবার খারিজ করে দেয় আপিল বিভাগ। এখন দণ্ড কার্যকরের অপেক্ষায় ফরিদপুরবাসী।

মুজাহিদের রিভিউ খারিজ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর মোহাম্মদ বাবুল বলেন, “দেশের মুক্তিযোদ্ধাদের আশার প্রতিফলন ঘটেছে। এমনটিই আমরা চেয়েছিলাম।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ-ই-কবির খোকন বলেন, “আপিল বিভাগের আদেশে মুজাহিদের সেই মৃত্যুদণ্ড বহাল থাকায় আইনের শাসনের জয় হয়েছে, পুরণ হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের প্রত্যাশা।”

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ বলেন, “আমরা মুক্তিযোদ্ধারা এখন দ্রুত রায় কার্যকর দেখতে চাই।”

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বলেন, “মুজাহিদের সর্বোচ্চ সাজা বহাল থাকায় ফরিদপুরবাসীর সঙ্গে আমিও বলতে পারব, আমরা কুলাঙ্গার এসব যুদ্ধাপরাধীদের জন্মস্থানের অপবাদ থেকে কলঙ্কমুক্ত হতে পেরেছি।”

মুজাহিদের মামলার অন্যতম সাক্ষী রণজিৎ নাথ বাবু বলেন, “মুজাহিদের জন্য সব সময় খুব ভয়ে থাকতাম। এখন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি।”

তিনি দ্রুত রায়ের বাস্তবায়ন দাবি করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুজাহিদসহ এ পর্যন্ত ফরিদপুরের চার যুদ্ধাপরাধীর মামলায় রায় হয়েছে।

২০১৩ সালের ২১ জানুয়ারি ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়ার আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল।

এরপর সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামের রাজাকার আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর তা কার্যকর করা হয়।

ফরিদপুরের নগরকান্দার বিএনপিনেতা জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারেরও সর্বোচ্চ সাজার রায় হয়েছে।

 

আনন্দ মিছিল

মৃত্যুদণ্ড বহালের খবর শোনার পর জেলা শহরে আনন্দ মিছিল বের করেছেন সর্বস্তরের মানুষ।

আওয়ামী লীগ কার্যালয়ের সমানে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

সেখানে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাজমুল ইসলাম লেভি, আবু নাঈম, শওকত আলী জাহিদ প্রমুখ।