২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

নিজের তিন মাস বয়সী মেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 07:35 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন বলে জানিয়েছেন পিপি হারিছ উদ্দিন আহমদ।

দণ্ডপ্রাপ্ত মো. সোহেল রানা (৩২) গাজীপুর নগরীর লাঠিভাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। রায়ের সময় তিনি কাঠগড়ায় উপস্থিতি ছিলেন।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান পিপি হারিছ।

মামলা নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ২০১৪ সালের ১৪ অক্টোবর মেয়ে সোহানা আক্তার ও স্ত্রী রাবেয়া আক্তারকে নিয়েগাজীপুর সিটি করপোরেশনের কালাকৈর এলাকায় নানা শ্বশুরবাড়ি বেড়াতে যান সোহেল রানা। সেখানে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়।

ওই দিন দুপুরে মেয়েকে নিয়ে পালিয়ে যান সোহেল।পরে কড্ডা ব্রিজের উপর থেকে মেয়েকে তুরাগ নদীতে ছুড়ে ফেলে চলে যায়। পরদিন সকালে কড্ডা ব্রিজের নিচে নদীতে মেয়েকে খোঁজাখুজির সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় রাবেয়ার ভাই আসাদুল হক জয়দেবপুর থানায় মামলা করেন।