যুদ্ধাপরাধীদের গোপনে সমাহিত করার দাবি
যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর না করার দাবি জানিয়েছে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
রোববার এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন জেলার মুক্তিযোদ্ধারা।
জেলা প্রশাসক এএম পারভেজ রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরুসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা দুপুরে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিটি শিগগিরই প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো হবে বলে জানান তিনি।
স্মারকলিপিতে বলা হয়েছে, এখন থেকে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর না করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গোপনে সমাহিত করা হোক; যাতে তাদের কবর কেউ চিহ্নিত করতে না পারে এবং ‘শহীদ’ শব্দটি লিখতে না পারে।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা এটিএম জিন্নত আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল ওযাদুদ অদু ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিকালে মুক্তিযোদ্ধারা একই স্মারকলিপি পুলিশ সুপারের কাছেও পেশ করেন।
