২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পরিবহন ধর্মঘটে বিপাকে যাত্রীরা

রাজশাহী জেলার বিভিন্ন মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 12:28 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ অভ্যন্তরীণ দশটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, বাস শ্রমিকরা সকালে ধর্মঘটের সমর্থনে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করে।

“এ সময় শ্রমিকরা অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, মহাসড়কে অবৈধভাবে অটোরিকশা চলাচল বন্ধের জন্য দীর্ঘদিন ধরে রাজশাহীর স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন তারা।

“কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা।”

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।