সাভারে গার্মেন্টকর্মীকে দলবেঁধে ধর্ষণ, আটক ১
সাভারে এক গামেন্টকর্মীকে জোর করে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে নামা গেন্ডা মহল্লা থেকে ওই নারীকে তুলে নিয়ে পাশ্ববর্তী সাধাপুরের একটি কলাবাগানে কয়েক যুবক ধর্ষণ করে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বিকালে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেডিকেল পরীক্ষার জন্য তাকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ঢাকা জেলার এএসপি রাসেল শেখ জানিয়েছেন।
এ ঘটনায় সাধাপুর পুরানবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে কালামকে আটক করা হয়েছে বলে সাভার মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন।
ধর্ষিতার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভার বাজার রোড়ের সরদার ইন্টারন্যাশনাল নামে পোশাক কারখানার ওই শ্রমিক কাজ শেষে নামা গেন্ডায় তার বাসায় ফিরছিলেন।
“পথে তার পূর্ব পরিচিত জীবন নামের এক যুবক তাকে ডেকে পিকআপ ভ্যানে উঠতে বলে। তিনি উঠতে চাইলে জোর করে জীবন ও তার কয়েকজন সহযোগী তাকে সাধাপুরে নিয়ে যায়।
“পরে একটি কলাবাগানের রাতভর তাকে ধর্ষণ করে যুবকরা। ভোররাতে পিকআপ ভ্যানে করে তাকে অচেতন অবস্থায় হেমায়েতপুরে ফেলে রেখে যায় তারা।”
চেতনা ফেরার পর ওই নারী এলাকার গণ্যমান্যদের ঘটনাটি জানান বলে জানান এসআই শরিফুল।
“পরে এলাকাবাসী কালামকে আটক করে পুলিশে খবর দেয়।”
এএসপি রাসেল শেখ জানান, শনিবার সন্ধ্যায় ধর্ষিতা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
