মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের হত্যা করা হচ্ছে: নূর
যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আর অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী তাদেরকে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
তবে, এসব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
শুক্রবার দুপুরে নীলফামারী শহরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য যে রাজনীতি করতেন আমাদের দলও সে আদর্শকে অনুসরণ করে।
“তাই আমাদের এমন কোনো আচরণ বা কর্মকাণ্ড করা উচিত নয় যাতে সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়।”
বিএনপির সমালোচনা করে মন্ত্রী আর বলেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল।
বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন না করে শুধুমাত্র লুটপাট, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেন মন্ত্রী।
দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধণ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
