২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে গরুর খুরা রোগ, দুশ্চিন্তায় খামারিরা

পঞ্চগড় পৌর এলাকায় খুরা রোগ ছড়িয়ে পড়েছে। গত এক মাসে বেশকিছু গরুর মৃত্যু হয় বলে খামারিদের দাবি।

সাইফুল আলম বাবু

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

স্থানীয়রা একশ গরুর মৃত্যুর দাবি করলেও প্রশাসন বলছে কয়েকটি মাত্র গরু মরেছে।  

সরকারি চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

প্রয়োজনের তুলনায় প্রতিষেধক কম বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

শুক্রবার সরজমিনে ঘুরে জানা যায়, গত এক মাসে পঞ্চগড় পৌর এলাকার জালাসী মহল্লার জামাল, ফকির ও আলমের একটি করে, রাসেলের দুটি, মোমেনা বেগমের বাছুরসহ একটি, কামাতপাড়ার মোস্তাফিজুর রহমান মন্টুর তিনটি, নুরুল ইসলামের দুটি, তুলার ডাঙ্গার জয়নালের বাছুরসহ একটি গাভি, কায়েতপাড়ার একরামুল হকের দুটি গরু খুরারোগে মারা গেছে।

জালাসী মহল্লার মোমেনা বেগম কেঁদে কেঁদে বলেন, “আমার সবকিছু শেষ হয়ে গেছে। গরুটা মরে আমাকে পথে বসিয়ে দিয়ে গেছে। এখন ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় নেই।”

কায়েতপাড়ার একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এক মাঠ সহকারীর তত্ত্বাবধানে চিকিৎসা হলেও গরু মারা যাচ্ছে। চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না।”

এ কারণে একরামুল হক একটি গরুর মৃত্যুর পর আরও ১৪টি গরু প্রায় পাঁচ লাখ টাকা লোকসানে বিক্রি করে দিয়েছেন বলে জানান।

কামাতপাড়ার মোস্তাফিজুর রহমান মন্টুও তার ১০টি গরু নামমাত্র দামে বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেন।

তিনি বলেন, “এখন ব্যাংক ঋণ কীভাবে পরিশোধ করব সেই দুশ্চিন্তায় ঘুম আসে না।”

পৌর এলাকার সব খামারের চিত্র প্রায় একই বলে তিনি দাবি করেন।

এদিকে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল হক খুরারোগে মাত্র কয়েকটি গরু মারা গেছে বলে দাবি করেন।

সরকারি চিকিৎসায় কাজ না হওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।

শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রোগের লক্ষণ দেখা দেওয়ামাত্রই পূর্ণ চিকিৎসা শুরু করতে হয়। অন্যথায় কিছু করার থাকে না।”

তবে খুরারোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধের জন্য টিকা দেওয়াই সবচেয়ে ভালো বলে জানান এই কর্মকর্তা।

“রোগাক্রান্ত হয়নি এমন প্রায় দুই হাজার গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শুক্রবার আরও ১২ বোতল ভ্যাকসিন পাওয়া গেছে, যা বড় আকারের প্রায় ২০০ গরুকে দেওয়া যাবে।”

তবে, এটা চাহিদার তুলনায় কম বলেও তিনি জানান।

এই রোগ ছড়িয়ে পড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ব্যাপকভাবে ভারতীয় গরু আসে। প্রাণিসম্পদ বিভাগকে এসব গরুর স্বাস্থ্য পরীক্ষায় সম্পৃক্ত করা হয় না।

“এ কারণে অনেক রোগাক্রান্ত ভারতীয় গরু হাট-বাজারে ওঠে। এসব গরু থেকেই এ এলাকায় খুরারোগ ছড়িয়ে পড়ে। বিশেষত রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম হওয়ায় বিদেশি জাতের গরু বেশি আক্রান্ত হয়।”

রোগটির প্রাদুর্ভাব আরও এক-দেড় মাস থাকতে পারে বলে তিনি জানান।