রাজবাড়ীতে মীর মশাররফের জন্মবার্ষিকী
অমর গ্রন্থ ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রাজবাড়ীতে।
শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে মশাররফ স্মৃতি কমপ্লেক্স চত্বরে এ অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।
আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, ড. ফকীর আব্দুর রশিদ, অধ্যাপক বিনয় কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ, কামরুল হাসান, ভরেন্দ্র নাথ বিশ্বাস, অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তরা বলেন, মশাররফ ছিলেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল লেখক। তিনি ছিলেন উদার ও মুক্তমনের মানুষ।
ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ায়। ১৯১২ সালে মৃত্যুর পর তাকে পদমদীতে সমাহিত করা হয়।
