২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদের জন্মদিনে ম্যুরাল উন্মোচন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিনে তার ম্যুরাল উন্মোচন করলেন স্ত্রী মেহের আফরোজ শাওন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 03:53 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

নুহাশ পল্লীর প্রধান ফটক দিকে ভেতরে ঢুকলে আপেল গাছের নিচে চোখে পড়বে নবনির্মিত ১০ বাই ৭ ফুট আকৃতির এই ম্যুরালটি। তৈরি করেছেন শিল্পী হাফিজ উদ্দিন বাবু।

শুক্রবার সকালে গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লীতে ম্যুরাল উন্মোচনের পাশাপাশি কবর জিয়ারত, দোয়া-মাহফিল ও কেক কেটে এই জনপ্রিয় লেখকের জন্মদিন পালন করা হয়।

এ সময় শাওনের সাথে তার দুই ছেলে নিশাদ ও নিনিত, কণ্ঠশিল্পী এসআই টুটুলসহ বিভিন্ন এলাকা থেকে আসা হুমায়ুন-ভক্তরা উপস্থিত ছিলেন।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক বুলবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৯টার দিকে শাওন ম্যাডাম নিশাদ-নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে আসেন।

“পরে ভক্তদের নিয়ে স্যারের ম্যুরাল উন্মোচন, কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।”

এছাড়া বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীতে ৩৬০টি মোম জ্বেলে এবং এখানকার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কেক কাটা হয় বলে জানান ব্যবস্থাপক বুলবুল।