নীলফামারীতে দিনমজুর হত্যায় ৩ জনের যাবজ্জীবন
নীলফামারীর কিশোরগঞ্জে এক দিনমজুরকে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার নীলফামারী জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের রনচণ্ডি বাজার গ্রামের সফি চৌধুরী (৫০), রশিদুল ইসলাম চৌধুরী (৩০) ও সাজু চৌধুরী (২২)।
একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ওই আদালতের এপিপি আজিজুল ইসলাম প্রামানিক।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ইদ্রিস আলী চৌধুরী ও রোকনুজ্জামান চৌধুরীকে খালাস দিয়েছে আদালত।
মামলার নথির বরাত দিয়ে তিনি আরও জানান, ২০০৮ সালের ১৪ মার্চ সকালে জমি নিয়ে বিরোধের জেরে দিনমজুর বিষাদু মামুদকে পিটিয়ে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী হালিমা বেগম পাঁচজনকে আসামি করে মামলা করেন।
