বিএসএফের হাতে বাংলাদেশি আটকের অভিযোগ
নওগাঁর সাপাহার সীমান্তপথে ভারত থেকে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফের)হাতে আটক হয়েছেন বলে অভিযোগ জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ আইনুল হক কালু (৪০) উপজেলার আইহাই গ্রামের আতান মন্ডলের ছেলে।
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান বলেন, আইনুলের পরিবার আটকের অভিযোগ জানালেও বিএসএফ তা স্বীকার করেনি।
“বিষয়টি নিশ্চিত হতে বুধবার বিকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।”
পরিবারের বরাত দিয়ে রফিকুল হাসান জানান, মঙ্গলবার রাতে সীমান্তের ২৪৫/৮ পিলারের পাশ দিয়ে ভারতে গরু আনতে যায় আইনুল। এরপর ভোর ৫টার দিকে গরু নিয়ে ফেরার পথে তাকে ভারতের ছত্রহাটি বিএসএফ টহলদলের সদস্যরা আটক করে নিয়ে যায়।
