যুবলীগ নেতার বিরুদ্ধে আইনজীবীকে কোপানোর অভিযোগ
হবিগঞ্জ শহরে এক আইনজীবী ও তার ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
আইনজীবী এনামুল হক এনাম (৩৮) ও তার ভাই সাদিকুল হক (২৩) শহরের ইনাতাবাদ এলাকার হাজী আব্দুল আলীর ছেলে।
সদর থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১টার দিকে এনাম ও সাদিকুলকে একই এলাকার পৌর যুবলীগের সহ-সভাপতি এনামুল হক শাহিন কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সাদিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহিন ও তার লোকজন আমাদের তার বাসায় ডেকে নেন।
“কিন্তু কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের ক্ষত-বিক্ষত করেন। পরে স্থানীয় লোকজন এসে আমাদের হাসপাতালে পাঠায়।”
হামলার কারণ সম্পর্কে সাদিকুল কিছু জানেন না বলে দাবি করেন।
তবে ওসি নাজিম জানান, এর আগে এই দুই পক্ষই একসঙ্গে চলাফেরা করত।
সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মিঠুন রায় জানান, এনামের শরীরে ‘বেশ কটি’ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে রেফার করা হয়েছে।
আইনি পদক্ষেপ বিষয়ে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে। তবে এখনও মামলা হয়নি।
