বগুড়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর তোরণে আগুন
বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে স্বাগত জানিয়ে তৈরি করা একটি তোরণ আগুনে পুড়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জেলায় এই তোরণটি পোড়ার কারণ দুর্ঘটনা, না কি নাশকতা- তা খতিয়ে দেখছে পুলিশ।
বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিস্থাপন করতে আগামী বৃহস্পতিবার বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রীর।
প্রায় এক দশক পরে জেলাটিতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী। ওই দিন বিকালে শহরের আলতাফুনেসা খেলার মাঠের জনসভায় ভাষণ দেওয়ারও কথা রয়েছে তার।
শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে তোরণ তৈরি করেছে বগুড়া আওয়ামী লীগ।
শহরের ঠনঠনিয়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে যে তোরণটি ছিল, তা মঙ্গলবার ভোরে আগুনে পুড়তে দেখে নেভায় অগ্নিনির্বাপক বাহিনী।
বগুড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তোরণে আগুন জ্বলতে দেখি। দৌড়ে পানি নিয়ে গিয়ে আগুন নিভাই। তবে তোরণের কিছু অংশ পুড়ে যায়।”
শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শামিম বলেন, প্রধানমন্ত্রীকে বগুড়ায় স্বাগত জানিয়ে পৌর আওয়ামী লীগের ১২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তোরণটি নির্মাণ করা হয়েছিল।
আওয়ামী লীগ নেতাদের সন্দেহ, তোরণটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তোরণে আগুন লাগা দুর্ঘটনা, না কি নাশকতা, তা তদন্ত করা হচ্ছে।”
