‘শিশু মাতৃত্ব আর নয়’
নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করতে কক্সবাজার থেকে শুরু হয়েছে ‘বাই-সাইকেল রোড মার্চ’।
‘শিশু মাতৃত্ব আর নয়’ শ্লোগান নিয়ে শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের হোটেল সী প্যালেসে মঙ্গলবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) উদ্যোগে এবং আইপিপিএফের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আড়াইশ সাইক্লিস্ট ও দুইশ অতিথি অংশ নেন।
এফপিএবির নির্বাহী পরিচালক এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফপিএবির মহাসচিব নাসির আহমেদ বাবুল, নাট্য পরিচালক মাসুম রেজা, অভিনেত্রী নাজনীন চুমকি প্রমুখ।
এফপিএবির মহাসচিব নাসির আহমেদ বাবুল জানান, তরুণ-তরুণী, নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত এ রোড মার্চের আয়োজন করা হয়।
পঞ্চগড় পর্যন্ত রোড মার্চ শেষে বাই-সাইকেল র্যালিটি ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান ও ইরানে যাবে বলে জানান তিনি।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পথে স্কুল-কলেজ ও সামাজিক প্রতিষ্ঠানসহ নানা জনগুরুত্বপূর্ণ স্থানে বাল্য বিবাহের অপকারিতা ও এটি বন্ধের প্রচারণা চালাবেন।
