২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বয়লার বিস্ফোরণে নিহত ১, বিদ্যুৎ বিপর্যয়

মুন্সীগঞ্জে একটি কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 09:24 AM

Updated : 12 Oct 2022, 04:26 PM

সোমবার রাত ১টার দিকে সদর উপজেলার মুক্তারপুরের বাগবাড়ির সাউদার্ন ফিশিং নেট কারখানায় এ ঘটনায় আশপাশের পাঁচটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

৩৩ কেভি বিদ্যুতের লাইন পুড়ে যাওয়ায় মুন্সীগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম।

নিহত সজীব ব্যাপারী (২৮) বাগবাড়ির শহীদ ব্যাপারীর ছেলে। তিনি ওই কারখানার অপারেটর ছিলেন।

আহত দেলোয়ার (২৬), আমান (২৮), ইউসুফ (২৮) ও মরিয়মকে (২৪) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পরিদর্শক নুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ টন বয়লারটি বিস্ফোরিত হওয়ার পর এর টুকরো আশপাশে বহুদূর পর্যন্ত ছিটকে যায়। এতে পাঁচ-ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।”

“বিস্ফোরণে শহরের প্রধান বিদ্যুৎ সরবরাহ লাইন ও কয়েকটি বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

কারখানার মালিক গোলাম মোস্তফা ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ মনোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ৩৩ কেভি লাইন ও পোল মেরামত শুরু করেছেন।

তবে শহরে কখন বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে তা জানাতে পারেননি তিনি।