২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আইনজীবী খুনের ঘটনায় যুবক আটক

গাজীপুরে শিক্ষানবীশ আইনজীবী খুনের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে, যিনি খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 02:03 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

গ্রেপ্তার মাহবুর হাসান রাব্বি (২২) নরসিংদীর সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার মাসুদুর রহমানের ছেলে। তারা সপরিবারে গাজীপুর জেলা শহরের ভোড়দা এলাকায় বসবাস করে।

রোববার সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

তিনি বলেন, রাব্বি হেঁটে জয়দেবপুর থেকে ইজ্জতপুর যান। তার শরীরে রক্তমাখা দেখে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি আইনজীবী বিপ্লবকে খুন করার কথা স্বীকার করেছেন।”

শনিবার সন্ধ্যায় গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকায় ছুরিকাঘাতে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয় শিক্ষানবীশ আইনজীবী খন্দকার এনামুল হক বিপ্লবকে (৪২)। তিনি ওই এলাকার মৃত খন্দকার সামসুদ্দিনের ছেলে।