লক্ষ্মীপেঁচার ‘বিড়ম্বনা’
ঘড়ির কাঁটায় রাত ৯টা। ব্যস্ততার মধ্যে অচেনা নম্বর থেকে এক চেনা মানুষের ফোন। খবর এল বিলুপ্তপ্রায় একটি লক্ষ্মীপেঁচার অসুস্থতার। শুরু হল প্রাণীটাকে বাঁচিয়ে রাখার তোড়জোড়। পদচারণা চলতে থাকে এক দরজা থেকে আরেক দরজায়। কিন্তু কোনো দরজায় ঠাঁই পাওয়ার আশা পাওয়া যায় না। প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় মনে শঙ্কাও জাগে, প্রাণীটি বাঁচবে তো?
বুধবার রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে পড়ে থাকা অসুস্থ এক বিলুপ্তপ্রায় লক্ষ্মীপেঁচার জীবনে এ ঘটনাটি ঘটে। অবশেষে ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে তার ঠাঁই মেলে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়। তবে সেটা অনেকটা নাটকীয়ভাবেই।
ঘটনাস্থল থেকে লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কাওসার বকুল। তিনি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে প্রাণীটি দেখতে পেয়ে ওই বিভাগের শিক্ষক কাজী মামুন হায়দারকে জানান। তারপর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাবি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
কাওসার বকুলের যোগাযোগের পর এই প্রতিবেদক প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক বিধানচন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তিনি ফোন রিসিভ না করার কারণে যোগাযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক এএসএম শফীকুর রহমানের সাথে। রাত ‘গভীর’ হওয়ায় তিনি প্রাণীটিকে নিতে অপারগতা প্রকাশ করে বলেন, “আমাদের বিভাগটি বন্ধ থাকায় আমরা এটি এখনই নিতে পারছি না। আপনি বৃহস্পতিবার সকালে বিভাগে নিয়ে আসুন। তারপর আমরা সেটার একটা ব্যবস্থা করার চেষ্টা করব।”
লক্ষ্মীপেঁচাটি বেশি অসুস্থ হওয়ায় রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের পদ্মা বুকবাইন্ডার্সে বিশেষ ব্যবস্থা করে রাখা হয়।
পরে বিধানচন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ সম্ভব হল। তার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদারের সঙ্গে যোগাযোগ হয়।
অধ্যাপক জালাল সকাল ৮টায় দেখা করতে বললেও পদ্মা বুকবাইন্ডার্সের মালিক কাদের হোসেন অসুস্থ থাকায় সেখানে যেতে দেরি হয়। তারপর যোগাযোগ করা হলে তিনি দুপুর ১২টায় সময় দেন।
নিরীহ লক্ষ্মীপেঁচার করুণ চাহনি যে কাউকে আকৃষ্ট করে। ফলে মুহূর্তেই বিভাগের সামনে এটা দেখতে ভিড় জমে।
দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যাপক জালাল বিভাগে কেবল লক্ষ্মীপেঁচার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত থাকেন। কিন্তু পেঁচাটি তারা না নিয়ে কিছু ওষুধ লিখে দেন। লক্ষ্মীপেঁচাটি তারা না রাখলে এর কী হবে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “আসলে আমাদের এখানে পর্যাপ্ত ওষুধ নেই। রাখার মতো তেমন কোনো খাঁচাও নেই। তাই আমরা একে রাখতে পারব না।”
পরে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক বিধান চন্দ্র দাস এসে অধ্যাপক জালালকে অনুরোধ করেন পেঁচাটিকে একটু সুস্থ করে বিশ্ববিদ্যালয়ের অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার জন্য।
জালাল তখন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাসলিমা খাতুন, সোনিয়া আক্তার নিশি ও রোকাইয়া ফাহমিদার তত্ত্বাবধানে পেঁচাটিকে দিয়ে দেন।
অবশেষে লক্ষ্মীপেঁচাটি তাদের তত্ত্বাবধায়নে দিয়ে আসেন এই প্রতিবেদক। সন্ধ্যায় খোঁজ নেওয়ার জন্য তাসলিমা খাতুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা একে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ডা. ফরহাদ হোসেনের কাছে হস্তান্তর করেছি।”
লক্ষ্মীপেঁচাটি সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
ডা. ফরহাদ হোসেনের ফোন নম্বর চাইলে তিনি বলেন, “আপনার কথা বলার প্রয়োজন নেই। আমরা সেটার খোঁজ রাখছি। কিছু হলে আপনাকে জানাব।”
