‘দুর্বৃত্তদের গুলিতে’ পুলিশের গাড়ি খাদে, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে পাঁচ পুলিশ আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া।
পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ একটি মাদকবাহী প্রাইভেটকারকে ধাওয়া দিলে দুর্বৃত্তরা গুলি করে।
এ সময় পিকআপ ভ্যান রাস্তার পাশে খাদে পড়ে গেলে পাঁচ পুলিশ আহত হন। স্থানীয়রা আহতদের তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে সদর হাসপাতালে নিয়ে আসে।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কনস্টেবল শংকর চন্দ্রনাথ (২৭) ও আরিফুল ইসলাম (৩২)। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে কর্মরত।
অপরদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন হলেন সুমন (২০) ও শাহীন (২৮)।
এ সম্পর্কে এখনও বিস্তারিত জানাতে পারেননি পরিদর্শক মফিজ উদ্দিন।
