ফেনীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে দগ্ধ কর্মকর্তার মৃত্যু
ফেনী সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ পাইপ পোড়ানোর সময় বিস্ফোরণে দগ্ধ ভূমি অফিসের এক কর্মকর্তা পাঁচদিন পর মারা গেছেন।
মৃত মো. শামছুল আলম (৪৫) ফাজিলপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ছিলেন।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয় বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম।
ইউএনও বলেন, সকাল ১০টার দিকে তিনি মারা যান। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ ফেনী পাঠিয়ে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও শামছুল আলম ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানান ইউএনও।
