নীলফামারীতে গরুর ক্ষুরারোগ
নীলফামারী সদর উপজেলার কয়েকটি গ্রামে গরুর ক্ষুরারোগ ছড়িয়ে পড়েছে।
প্রয়োজনের তুলনায় ওষুধ ও টিকা না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গরুর মালিকরা।
তবে, কোথাও এখনও কোনো গরুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার সরজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে কয়েকশ আক্রান্ত গরু দেখা গেছে। এগুলোর মুখ দিয়ে অবিরাম লালা ঝরছে, মুখ ও পায়ে ঘা হয়েছে।
হাড়োয়া সরকারপাড়া, দেবীরডাঙ্গা, চৌধুরী পাড়া, গাইবান্ধা মসজিদ পাড়া, ঢাকাইয়া পাড়া, পাটকামুরী, কাজিয়ার মোড়, বিশমুড়ি, দিঘলটারী, চৌধুরীপাড়া গ্রামে এ রোগ ছড়িয়ে পড়েছে।
শুধু খোকসাবাড়ি ইউনিয়নেই অন্তত ৫০টি গরু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার নিজের একটিসহ এ ইউনিয়নের অন্তত ৫০টি গরু আক্রান্ত হয়েছে। সময়মতো চিকিৎসা না দেওয়া হলে কৃষকেরা চরম ক্ষতির সম্মুখীন হবেন।”
নীলফামারী পৌরসভার সরকারপাড়ার কৃষক ক্ষিরধর রায় জানান, গত সাত দিনে তার পাঁচটি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে। প্রথমে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তিনটি গরুকে টিকা দেওয়ায় সুস্থ রয়েছে।
টিকা দিতে না পারায় অপর দুটি গরুর অবস্থার অবনতি হচ্ছে বলে জানান তিনি।
প্রাণিসম্পদ কার্যালয় বা বাজারে কোথাও টিকা পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।
সদর উপজেলার হাড়োয়া গ্রামের কৃষক নূর-এ-আলম বলেন, “আমার সাতটি গরুর সবকটি ক্ষুরারোগে আক্রান্ত হয়েছে।
“প্রাণিসম্পদ কার্যালয় থেকে বলা হচ্ছে, টিকা শেষ হয়ে গেছে। এদিকে বাজারেও টিকা মিলছে না। এক সপ্তাহ ধরে পল্লী চিকিৎক ওষুধ দিচ্ছেন, কিন্তু গরুগুলো সুস্থ হচ্ছে না।”
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল হাসান বলেন, “প্রয়োজনের তুলনায় সরবারহ কম হওয়ায় সব গরুকে টিকা দেওয়া যাচ্ছে না। তাই কিছু জায়গায় এ রোগ দেখা দিয়েছে।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার বলেন, কিছু এলাকায় ক্ষুরারোগ দেখা দিলেও তা ব্যাপক আকার ধারণ করেনি।
