গৃহবধূকে ঝলসানোর পর এবার দেবরকে এসিড নিক্ষেপ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক গৃহবধূকে ঝলসে দেওয়ার পরদিন তার দেবরের দিকে এসিড ছোড়া হয়েছে।
মঙ্গলবার রাতে খট্টমাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে হাকিমপুর থানার ওসি মোকলেছুর রহমান জানান।
এসিডে হাত-পা ঝলসানো জাকারিয়া ইসলামকে (২৪) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার জাকারিয়ার ভাই ইলিয়াস আলীর স্ত্রী মোরশেদা বেগমও (২২) এসিড সন্ত্রাসের শিকার হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাই রাতে বাড়ির টিউবওয়েলে হাত ধুতে গেলে বেড়ার ওপার থেকে কে বা কারা এডিস ছুড়ে পালিয়ে যায়।
এতে জাকারিয়ার হাত-পা ঝলসে যায় এবং তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা।
আগে সোমবার রাত ৮টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা মোরশেদার ওপর এসিড ছোড়া হলে তার মুখ, হাত ও পা ঝলসে যায়।
ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন মোরশেদার স্বামী ইলিয়াস। পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হামলা করছে বলে তার সন্দেহ।
ওসি মোকলেছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার আসামিদের মধ্যে ইলিয়াসের প্রতিবেশী বাবুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলিয়ে বেড়াচ্ছে। আমরা জাকারিয়ার উপর এসিড নিক্ষেপের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছি।”
