২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামের লোকজনের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 04:36 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

রোববার উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল ও এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষ চলাকালে ৮/১০টি বসতবাড়ি ভাংচুরসহ লুটপাট ও খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন।

নিহত আশরাফ আলী (৫০) ঘোড়শাল গ্রামের জেন্নত আলীর ছেলে। আহতরা সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মনির হোসেন সাংবাদিকদের বলেন, শনিবার রাত পৌনে ১১টার দিকে বেতকান্দি বাজারে কামালপুরের আজমের দোকান থেকে ঘোড়শাল গ্রামের এক যুবক ফ্রিজে রাখা একটি আইসক্রিম ক্রয় করেন।

“পরে ওই আইসক্রিম নরম হওয়ায় তা ফেরত দিতে গেলে দোকানদার ফেরত নেননি এবং ওই ঘটনায় দোকানদারকে মারপিট করা হয়। ওই ঘটনায় রোববার সকালে গ্রাম্য সালিশ হওয়ার কথা ছিল।”

পরিদর্শক মনির বলেন, সালিশের জন্য সকাল সাড়ে ১০টার দিকে উভয়গ্রামের লোকজন ঘোড়শাল চৌরাস্তা মোড়ে জমায়েত হয়।

“সেখানে কয়েকজন উত্তেজিত লোক একটি দোকান ভাংচুর ও লুটপাট করলে দুপক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“সংঘর্ষ চলাকালে মাথায় ইটের আঘাতে আশরাফ আলীর মৃত্যু হয় এবং উভয়পক্ষের আরও অন্তত ২০ জন আহত হয়।”

পরিদর্শক মনির আরও জানান, এ সময় কামালপুরের লোকজন ঘোড়শাল গ্রামের ৮/১০টি বসতবাড়ি ভাংচুর করে এবং কয়েকটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়।

“শাহজাদপুর ও এনায়েতপুর থানা এবং জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস আগুন নেভায়।”

লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।