ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু
লাইন মেরামত শেষে তিন ঘণ্টা বন্ধ পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার বেলা ১টায় ত্রুটিপূর্ণ রেললাইনের মেরামত কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল শুরু হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান।
মহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
“ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে আপ লাইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
“পরে মেরামত শেষে বেলা সাড়ে ১১টার দিকে আপ লাইনে এবং দুপুর ১টার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”
রোববার বেলা পৌনে ১১টার দিকে তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ থাকে।
ওই দুর্ঘটনাস্থলে রেললাইনে মেরামত কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
