‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই কি রানা দাশগুপ্তের উদ্দেশ্য ছিল?’
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত তার বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ তুলেছেন কি না তা জানতে চেয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সন্ধ্যায় ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মোশাররফ বলেন, “রানা দাশগুপ্ত বড় একজন নামকরা আইনজীবী, প্রধানমন্ত্রী তাকে বিশিষ্ট মামলার প্রধান কৌঁসুলি করেছেন। তিনি এতো বড় একটা অভিযোগ তুললেন, অথচ অভিযুক্তের কাছে জিজ্ঞাসা করলেন না, যিনি ক্ষতিগ্রস্ত তার কাছেও জানলেন না।
“আমি মনে করি, তিনি সুপরিকল্পিতভাবে একটি সম্প্রদায়কে আর একটি সম্প্রদায়ের মুখোমুখি দাঁড় করালেন । তার যে কোনো সৎ উদ্দেশ্যে ছিলো না- এইটা কি প্রমাণ হয় না?”
মন্ত্রী বলেন, “ফরিদপুরে কখনো সাম্প্রদায়িক দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের এই সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার উদ্দেশ্যেই কি ছিল তার?
“তিনি আমার মতো লোককে জমি দখল করার অভিযোগে অভিযুক্ত করলেন! আমার জানার খুব ইচ্ছা, কেন তিনি আমাদের এই ফরিদপুরের সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করলেন।”
গত ৬ অগাস্ট ঢাকায় সংবাদ সম্মেলন করে মন্ত্রী মোশাররফের বিরুদ্ধে ভাজনডাঙার জমিদার সতীশ চন্দ্র গুহ মজুমদারের কয়েক কোটি টাকা মূল্যের তিন একর জমি দখলের অভিযোগ আনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
লিখিত বক্তব্যে সংগঠনের নেতা রানা দাশগুপ্ত অভিযোগ করেন, জমির বর্তমান মালিক অরুণের কাছ থেকে মন্ত্রী জোর করে বায়নানামায় সই নিয়েছেন।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় শ্রীধাম শ্রী অঙ্গনে আয়োজিত সমাবেশে শ্রীমৎ বন্ধু সেবক ব্রক্ষচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে এই অভিযোগ নিয়ে আলোচনা উঠে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমি বিব্রতবোধ করছি, এতো বড় একটা ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবানের জন্মদিনে যে বিষয়ে আলোচনা হলো, এই আলোচনা আমি প্রত্যাশা করিনি।
“আমি ও আমার পরিবার মানুষকে দিয়ে অভ্যস্ত, নিতে অভ্যস্ত নই। আমাদের যে সম্পত্তি রয়েছে তা ভোগ করার লোক নেই।”
জোর করে জমি কেনা বা দখলের অভিযোগ উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেন, “অরুণ বাবু ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুরোধে আমি অরুন বাবুর জমি কিনতে বাধ্য হয়েছি ।”
উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আপনারা বুঝে দেখেন, রানা দাশগুপ্তের মতো অর্বাচীন লোক সাধারণ একটা জমি কেনার বিষয়টাকে কোন পর্যায়ে নিয়ে গেছে।”
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রামবাসী এই নেতাকে ফরিদপুরের বিষয়ে ‘নাক না গলাতে’ সতর্ক করে দেন মন্ত্রী।
তিনি বলেন, “আপনি চট্টগ্রামে কি করেন না করেন, সেটা আপনার বিষয়। আমরা যারা ফরিদপুরবাসী- আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছি।
“আপনি যদি অন্য কোনো রাষ্ট্রের এজেন্ট হয়ে থাকেন, অন্য কোনো এজেন্ডা যদি থাকে, দয়া করে আপনার চিটাগাং নিয়ে আপনি থাকেন। ফরিদপুরের দিকে যদি চোখ তুলেন তাহলে ফরিদপুরবাসী এর জবাব দেবে।”
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় নিজের প্রতিজ্ঞার কথা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, “হিন্দু সম্প্রদায়ের কারো গায়ে যদি আঘাত লাগে , একটি আচড়ও লাগে, মনে রেখো আমরা তোমাদের ভাই, তোমাদের গায়ে যদি আঘাত লাগে, তাহলে সবার আগে আঘাত লাগবে আমার গায়ে।
“এদেশে মেজরিটি-মাইনরিটি বলে কিছু নেই। আমি ও আমার নেত্রী মনেপ্রাণে বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই বাঙালি, সবাই বাংলাদেশি। এখানে সকলের সমঅধিকার আছে। এদেশে হিন্দু-মুসলমান বলে কিছু থাকতে পারে না।”
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী সুবল চন্দ্র সাহা ও নারায়ণ দাস, পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় নেতা ডা. দীলিপ রায়, অনিমেষ রায়, স্বপন কুমার পাল, সুকেশ কুমার সাহা, অরুন গুহ মজুমদার, ইসকন মন্দীরের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস, রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবাপ্রিয়ানন্দ প্রমুখ।
এসময় মঞ্চে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কামরুজ্জামান সেলিম, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকতা মোহাম্মদ জহিরুল ইসলাম ও কৈজুরী ইউয়িনের চেয়ারম্যান ইফতেখার হোসেন ইকু উপস্থিত ছিলেন ।
সমাবেশ শেষে মন্ত্রী জন্মাষ্টমীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন ।
