২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জাহাজ ডুবি: কত তেল জলে গেছে জানতে ‘সময়’ লাগবে

২৪ ডিসেম্বর চট্টগ্রাম থেকে তেল নিয়ে চাঁদপুরে যাওয়ার পথে নৌ-যানের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় ‘সাগর নন্দিনী-২’ জাহাজটি।

ভোলায় জাহাজ ডুবি: কত তেল জলে গেছে জানতে ‘সময়’ লাগবে

ডুবে যাওয়া জাহাজটি থেকে জ্বালানি তেল ‘সাগর নন্দিনী-৩’ নামে অপর একটি ট্যাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 06:32 PM

Updated : 01 Jan 2023, 06:32 PM

ভোলার মেঘনা নদীতে ১১ লাখের বেশি লিটার জ্বালানি তেল নিয়ে ডুবে যাওয়া জাহাজ ‘সাগর নন্দিনী-২’ সাত দিন পর উদ্ধার হয়েছে। 

তবে তা থেকে কী পরিমাণ তেল পানিতে ভেসে গেছে এবং স্থানীয় জেলেরা নিয়ে গেছে; আর ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা তেলের সঠিক পরিমাণ-বা কতটুকু জানতে আরও দু-একদিন লাগবে। 

‘সাগর নন্দিনী-২’কে উদ্ধারে কাজ করা এসএইচআর নেভিগেশন লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মাহাতাবুর রহমান জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুরো জাহাজটিকে দুইটি বার্জ ও জাহাজের সাহায্যে পানির নিচ থেকে ভাসানো হয়।

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. সেলিম জানান, বর্তমানে জাহাজটি থেকে জ্বালানি তেল ‘সাগর নন্দিনী-৩’ নামে অপর একটি ট্যাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে।

তেল সরিয়ে নেওয়ার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য সহায়তা করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের কয়েকটি জাহাজ।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম সাহেদ সাত্তার বলেন, “তেল সরিয়ে নেওয়ার কাজ শেষের দিকে। এই শিফটিংয়ের সময় কোনো দুর্ঘটনা না ঘটে এবং কোনোভাবে সাগরে তেল ছড়িয়ে পড়তে না পারে এজন্য কোস্ট গার্ডের আধুনিক ল্যামর গিয়ার সমৃদ্ধ বেশ কিছু জাহাজ নিয়ে আমরা সঙ্গে রেখেছি।”

“তেল ছড়িয়ে পড়া ঠেকাতে আমরা ল্যামর গিয়ারের মাধ্যমে জাহাজটির চারপাশ ব্লক করে রেখেছি। কোনো কারণে তেল ছড়িয়ে পড়লেও যাতে দ্রুত উঠিয়ে ফেলতে পারি তার ব্যবস্থাও আমরা রেখেছি।” 

তিনি জানান, কোস্ট গার্ডের পাশাপাশি মোংলা বন্দরের একটি জাহাজও তাদের সঙ্গে আছে। ‘সাগর নন্দিনী-২’ জাহাজটি কোনোরূপ দুর্ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জে ডক ইয়ার্ডে পৌঁছাতে পারবে বলে তিনি আশা করেন।

জাহাজটিতে থাকা তেলের মালিক প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানির এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন বলেন, “জাহাজটির সামনের দুটি হ্যাচ আগে থেকেই ড্রাই ছিলো, সেখানে কিছু নেই। পেছনের চারটি হ্যাচে তেল ও পানি মিশ্রিত অবস্থায় পাওয়া গেছে। এর পুরোটাই আমরা ‘সাগর নন্দিনি-৩’ ট্যাংকারে টেনে নিচ্ছি।”

তিনি বলেন, “আমাদের পার্শ্ববর্তী চাঁদপুর ডিপোতে একটি ট্যাংক ফাঁকা রাখা হয়েছে। এখানে পাওয়া তেলটা সেখানে নেওয়ার পর কী পরিমাণ তেল আছে বলতে পারব।” 

তবে তাতে আরও সময় লাগবে জানিয়ে তিনি বলেন, “আমাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো আমরা এখনি বলতে পারছি না। চাঁদপুর নিয়ে কাজ শেষ করতে আরও দু-একদিন লাগবে। তারপর আমরা জানাতে পারব।’

গত ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে ‘সাগর নন্দিনী-২’ জাহাজটি চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোর উদ্দেশে রওনা হয়।

কিন্তু পরদিন ভোরে ঘন কুয়াশার মধ্যে ভোলার তোলাতুলির কাঠিরমাথা এলাকায় বালুবাহী একটি নৌ-যানের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে তলা ফেটে জাহাজটিতে পানি ঢুকতে থাকে এবং এক পর্যায়ে ডুবে যায়।

জাহাজে মোট ১৩ জন কর্মী ছিলেন। ওই সময় তাদের চিৎকার শুনে অন্য একটি নৌ-যান এসে তাদের উদ্ধার করে।

ডুবে যাওয়া জাহাজের কর্মীরা জানান, স্থানীয় জেলেরা এসে জাহাজের তেল সংগ্রহ করে নিয়ে যায়। কিছু তেল মেঘনায় ছড়িয়েও পড়ে।

জাহাজটির তেলের মালিক পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, জাহাজে ১১ লাখ লিটার ডিজেল ও অকটেন ছিল। এর মধ্যে ডিজেল আট লাখ ৯৮ হাজার লিটার এবং অকটেন দুই লাখ ৩৪ হাজার লিটার ছিল। যার বাজার মূল্য নয় কোটি টাকার বেশি।

এ ঘটনায় পদ্মা অয়েল কোম্পানি, বিআইডব্লিউটিএ এবং পেট্রোবাংলা পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

আরও পড়ুন

পুরনো খবর:

ভোলায় তেল নিয়ে ডোবা জাহাজ উদ্ধার, চলছে তেল অপসারণ
ভোলায় ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ডুবল জাহাজ, ছড়াচ্ছে মেঘনায়
জ্বালানি তেল নিয়ে মেঘনায় ডোবা জাহাজ উদ্ধারে বিলম্ব
১১ লাখ লিটার তেল নিয়ে মেঘনায় ডোবা জাহাজের উদ্ধার কাজ সোমবার
দুদিনেও উদ্ধার কাজ শুরু হয়নি তেল নিয়ে ডোবা জাহাজের