২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রলিটির সংঘর্ষ হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

বরিশালে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

বরিশালে দুর্ঘটনাকবলিত বাস।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 05:00 PM

Updated : 15 Jul 2023, 06:29 PM

বরিশালে বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিন জন হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল ইউনিক পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিস দক্ষিণ স্টেশন কর্মকর্তা মো. বাহাউদ্দিন জানান।

এতে ঘটনাস্থলেই ট্রলিচালকের সহকারী ও বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালকের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় ট্রলিতে থাকা শ্রমিক মো. সিনবাদের (২৫) মৃত্যু হয়েছে বলে হাসপাতালটির ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান।

সিনবাদ বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার মো. ফারুক হোসেনের ছেলে।

এর আগে ট্রলির চালক বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা কালাম হোসেনের ছেলে এমদাদুল হক (৩২) ও তার সহকারী একই এলাকার বাসিন্দা মো. সেন্টুর ছেলে মো. নাদিমের (১৮) মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন একজন ও অপর দুই জনকে ঢাকা পাঠানো হয়েছে।

আহতরা হলেন: একই এলাকার ফারুক হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৭), উজিরপুরের ইউসুফ আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৩৫) এবং বাকেরগঞ্জের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মো. হামিম হাওলাদার (৩৫)।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা বাহাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কয়েকজন শ্রমিকসহ বালুবাহী একটি ট্রলি বাবুগঞ্জের মানিককাঠির দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রলিতে ছিলেন।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।