১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বরিশালে গরমে আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, “হিস্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারণা করছি, হিট স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2024, 09:52 PM

Updated : 27 Apr 2024, 09:52 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দাবদাহে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে তার মৃত্যু হয় বলে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার জানিয়েছেন।

মৃত রিয়াজুল ইসলাম (৪২) উপজেলার কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজিব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মা আমার নির্বাচনের প্রচারে দুপুরে কলসকাঠি বাজারে আসেন। এ সময় অন্য নেতাকর্মীদের সঙ্গে রিয়াজুল ইসলামও আমার মায়ের সঙ্গে প্রচারণায় ছিলেন।”

রাজিব আহমেদ আরও জানান, পরে বাসায় ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কলসকাঠি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং একই ইউনিয়ন যুবলীগের সভাপতি নেছার খান সাংবাদিকদের জানান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সঙ্গে কলসকাঠীতে গণ সংযোগে ছিলেন রিয়াজুল।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেহতাব আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। রোগীর হিস্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারণা করছি, হিট স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে। এছাড়া অন্য কোনো কারণ পাওয়া যায়নি।”