২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

২০১২ সালের ২৩ আগস্ট গভীর রাতে একদল দুর্বৃত্ত সামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করে।

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

রাজবাড়ীর যুবদল নেতা সামসুল আলম বাবলু হত্যা মামলায় রায়ের আগে আদালত চত্বরে আসামিরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2022, 04:58 PM

Updated : 28 Nov 2022, 04:58 PM

রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক সামসুল আলম বাবলু হত্যা মামলায় এক দশক পর দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত; পাশাপাশি আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী উজীর আলী জানান।

রায়ে শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা ও রাজবাড়ী পৌরভার ৩ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু এবং শহরের বেড়াডাঙ্গা এলাকার সানোয়ার রহমান জকিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বিনোদপুর লোকোসেড এলাকার ইয়াকুব, একই এলাকার রানা, কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের রশিদ, শহরের বেড়াডাঙ্গা এলাকার শাহীন এবং ফরহাদ হোসেন বাপ্পী।

রায় ঘোষণার সময় আসামি সানোয়ার রহমান জকি, রানা ও বাপ্পী পলাতক ছিলেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০১২ সালের ২৩ আগস্ট গভীর রাতে রাজবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার সময় বিনোদপুর পুলিশ ফাঁড়ির অদূরে রাস্তার ওপর একদল দুর্বৃত্ত সামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

আইনজীবী বলেন, রায়ে প্রত‍্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারজনকে খালাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এটি একটি চাঞ্চল্যকর মামলা। দীর্ঘদিন সাক্ষ্য শেষে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।“