Published : 26 Nov 2023, 08:35 PM
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
নারায়ণগঞ্জ-৪ আসন থেকে গিয়াসের পাশাপাশি তার ছেলে মুহাম্মদ কায়সারের নামেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ মাহমুদুল হক জানান।
তিনি বলেন, “রোববার মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মুহাম্মদ কায়সারের নামে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে তাদের সমর্থকরা।
“নারায়ণগঞ্জ-৪ আসনে এখন পর্যন্ত চারজন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে তিনজন স্বতন্ত্র এবং একজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিতব্য ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে এখন পর্যন্ত সিদ্ধান্তে অটল রয়েছে দলটি। এমন সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতার মনোনয়নপত্র সংগ্রহের খবর শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গিয়াস উদ্দিনের এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ২০১৮ সালের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী থাকলেও পাননি তিনি।
মনোনয়নপত্র সংগ্রহের ব্যাপারে জানতে চাইলে গিয়াস বলেন, “আমি সন্ধ্যায় ব্যাপারটি শুনেছি। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি বা আমার ছেলে কোনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
“মানুষকে বিভ্রান্ত করার জন্য কেউ এমন কাজ করে থাকতে পারে। এই সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে দলীয়ভাবে বিএনপির যেমন অবস্থান আমারও তাই। এই প্রহসনের নির্বাচনে অংশ নেওয়ার কোন প্রশ্নই ওঠে না।
এই ব্যাপারে লিখিতভাবে বিবৃতি দেবেন বলেও জানান বিএনপির এই নেতা।