গলায় বাইন মাছ আটকে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
তার মা জানান, একটি বাইন মাছ হাতে নিয়ে খেলতে খেলতে এক পর্যায়ে মাছটি মুখে ঢুকিয়ে দেয় ওই কিশোর।
সাতক্ষীরার কলারোয়া উপজেলা গলায় বাইন মাছ আটকে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান স ম গোলাম মোর্শেদ জানান।
নিহত গোলাম রসুল (১৩) ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে৷
গোলাম রসুলের মা আশুরা বিবি জানান, তার দুই ছেলে-মেয়েই বাক
প্রতিবন্ধী৷ সকালে ছেলেকে নিয়ে বিলে মাছ ধরতে যান তিনি৷ একটি বাইন মাছ ধরে খেলতে খেলতে এক পর্যায়ে গোলাম রসুল মাছটি মুখে ঢুকিয়ে দিলে সেটি শ্বাসনালিতে গিয়ে আটকে যায়।
কিশোরটির মা আরও জানান, হঠাৎ চিৎকার শুনে কাছে গিয়ে অনেক চেষ্টা করেও গলা থেকে মাছটি বের করা সম্ভব হয়নি।
পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানভীর জাহান গোলাম রসুলকে মৃত ঘোষণা করেন।
