২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গাঁর মনোনয়ন দুপুরে স্থগিত বিকালে বৈধ ঘোষণা

রওশন এরশাদপন্থি রাঙ্গাঁসহ চার জনের মনোনয়ন ফরম স্থগিত করা হলেও বিকালে বৈধ ঘোষণা করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 06:25 PM

Updated : 02 Dec 2023, 06:58 PM

জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর মনোনয়নপত্র প্রথমে স্থগিত করা হলেও পরে বৈধ ঘোষণা হয়েছে।

শনিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত করা হলেও পরে কাগজপত্র দেখালে তা বৈধ ঘোষণা করা হয় বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

তিনি বলেন, “বিকাল ৪টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।”

জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গাঁ রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এদিকে, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

শনিবার যাচাই-বাছাইয়ে প্রথমে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের ফরম বাতিল হয়।

এ ছাড়া রওশন এরশাদপন্থি মসিউর রহমান রাঙ্গাঁসহ চার জনের ফরম স্থগিত করা হলেও বিকালে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, “বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের কাগজপত্র আসছে; তারটাও বৈধতা পাবে।”  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ডিসেম্বর পর্যন্ত, আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।