২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তারের পর সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে, বলেন পালং মডেল থানার ওসি।

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
সোহাগ ব্যাপারী

বিডিনিউজ২৪

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 06:33 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে শহরের চর পালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান।

সোহাগ শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার বাসিন্দা। 

২০২১ সালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি হেলাল বলেন।

পরিষদের শরীয়তপুর জেলা কমিটির সদস্যসচিব শাহজালাল সাজু ৩০ জনকে আসামি করে শনিবার পালং মডেল থানায় একটি মামলা করেন। 

ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সোহাগ ব্যাপারীর নেতৃত্বে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়।

মামলার বাদী শাহজালাল বলেন, “২০২১ সালের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মিছিলে অতর্কিত হামলা চালিয়ে আমাদের নেতা ও কর্মীদের বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় ভয়ে তাদের বিরুদ্ধে আমরা মামলা বা আইনগত পদক্ষেপ নিতে পারিনি। এখন পরিবেশ অনুকূলে থাকায় ওই ন্যক্কারজনক হামলার ঘটনায় মামলা করেছি। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর সরকারি কলেজের এক শিক্ষক বলেন, ২০২১ সালে একটি অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ার অজুহাতে কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল সোহাগ ব্যাপারীর বিরুদ্ধে। তখন এ বিষয়ে পালং মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী ওই শিক্ষক। কিন্তু তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর চাপে শিক্ষকেরা থানা থেকে ওই অভিযোগ উঠিয়ে নিতে বাধ্য হন। 

তখন সোহাগের কোনো বিচার হয়নি বলে অভিযোগ ওই শিক্ষকের।