০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিভিন্ন প্রজাতির এক হাজার কচ্ছপ উদ্ধার

ভারতে পাচারের উদ্দেশে কচ্ছপগুলো মজুদ করা হয়েছিল বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ভাষ্য।

গাজীপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 06:41 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা থেকে মিঠা পানির কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। যেগুলো ভারতে পাচারের উদ্দেশে মজুদ করা হয়েছিল বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ভাষ্য।

মঙ্গলবার সকালে উপজেলার দোয়াভাঙ্গা কালীবাড়ি রোড এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে আনুমানিক ৮০০ কেজি কচ্ছপ জব্দ করা হয় বলে জানান বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, গোপন খবর পেয়ে ওই এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে তিন প্রজাতির হাজার খানেক কচ্ছপ উদ্ধার করা হয়; যার ওজন আনুমানিক ৮০০ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিন প্রজাতির কচ্ছপের মধ্যে সুন্ধি কাছিম ৫০০ কেজি, করি কাইট্টা ২৮০ কেজি এবং হলুদ কচ্ছপ ২০ কেজি আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, কুঁচিয়া ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এক দল অসাধুচক্র এসব কচ্ছপ শিকার করে ভারতে পাচার করে আসছিল। 

এটি মিঠা পানির কচ্ছপ আটকের তালিকায় সবচেয়ে বড় চালান। উদ্ধার করা কচ্ছপগুলো জলাশয়ে অবমুক্ত করার কথা জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।