কুমিল্লায় ‘মাদকের বিরোধে তুলে নিয়ে রাতভর নির্যাতন’, যুবকের মৃত্যু
নিহতের ভাই বলেন, “মারা যাওয়ার আগে তিনি হাসপাতালে কর্মরত লোকজনের কাছে সবকিছু বলে গেছেন।”
কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদক বিক্রির বিরোধের জেরে তুলে নিয়ে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার নবাবপুর বাজারের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান।
এর আগে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ওই যুবকের মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
নিহত মো. জুয়েল মিয়াজী (৩২) চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী গ্রামের মো. সফিউল্লাহর ছেলে।
তার বিরুদ্ধে চাঁদপুরের কচুয়াসহ বিভিন্ন থানায় মাদক আইনে ছয়টি মামলা আছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, জুয়েল মিয়াজী দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করতেন। তার সঙ্গে কুমিল্লার চান্দিনা উপজেলার লেবাস গ্রামের সম্রাট মিয়া নামের এক মাদক কারবারির বিরোধ ছিল।
জুয়েল মিয়াজীর ভাই সোহেল মিয়াজী জানান, বৃহস্পতিবার রাতে তার ভাইকে গ্রাম থেকে তুলে লেবাস গ্রামে নিয়ে যান সম্রাটের লোকজন। এরপর ওই গ্রামের একটি মাঠে রাতভর শারীরিক নির্যাতন করার এক পর্যায়ে জ্ঞান হারান জুয়েল।
“শুক্রবার সকাল ৮টার দিকে ওই গ্রুপের দুইজন জুয়েলকে একটি অটোরিকশায় উঠিয়ে দেয়।”
নিহতের ভাই আরও বলেন, “সকাল সাড়ে ৯টায় একটি অপরিচিত নম্বর থেকে আমার মাকে ফোন করে জানানো হয়, জুয়েল চান্দিনার নবাবপুর টাওয়ার হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে আমরা সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে ভাইকে মৃত অবস্থায় পাই।”
“মারা যাওয়ার আগে তিনি হাসপাতালে কর্মরত লোকজনের কাছে সবকিছু বলে গেছেন।”
সোহেল মিয়াজীর দাবি, তার ভাই প্রায় পাঁচ বছর মাদকের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি মাদকের ব্যবসা থেকে সরে আসেন। পূর্ব বিরোধের জেরে সম্রাট ও তার পক্ষের মাদক কারবারিরা জুয়েলকে তুলে নিয়ে রাতভর নির্যাতন চালিয়ে হত্যা করেছে।
তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শুক্রবার সন্ধ্যায় চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান বলেন, “আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে নবাবপুরের ওই বেসরকারি হাসপাতালে যাই। সেখানে যাওয়ার পর জানতে পারি, হাসপাতালে আসার পর এক ঘণ্টারও বেশি সময় বেঁচে ছিলেন ওই যুবক। পরে সকাল ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে।
