২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অটোরিকশা চালককে হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

২০১৭ সালে রাসেলকে অপহরণ করে এক লাখ টাকা দাবি করেন আসামিরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 08:26 PM

Updated : 21 Apr 2024, 08:26 PM

সাত বছর আগে কুমিল্লায় অটোরিকশা চালককে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লার চতুর্থ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর হোসেন রোববার একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার জানান। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়নের শুভপুর এলাকার গিয়াস উদ্দিন (২৩) এবং নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রামের অলি উল্লাহ (৩০)। অলি উল্লাহ পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৮ জুন চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে অটোরিকশা চালক রাসেলকে অপহরণ করে অজ্ঞাতনামা আসামিরা। পরে তারা এক লাখ টাকা দাবি করেন। ৫০ হাজার টাকা দিলেও ছেলেকে না পেয়ে অপহরণ মামলা করেন রাসেলের বাবা জয়নাল।

পরে চৌদ্দগ্রামের চিওড়া রাস্তার মাথায় রাসেলের লাশ উদ্ধার হয়। পরে তার বাবা হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে শুভপুর এলাকার একরামুল হক, গিয়াস উদ্দিন, শাহিন, নাঙ্গলকোটের অলি উল্লাহ ও আসমা আক্তার সাথীকে এ মামলার আসামি করে।

এদের মধ্যে একরামুল হকের মৃত্যু হয়। এ ছাড়া সাথীর মামলা নারী ও শিশু আদালতে চলমান রয়েছে। শাহিনকে অব্যাহতি দেয় আদালত।

আদালতে দেওয়া জবানবন্দিতে আসামিরা জানান, সাথী সম্পর্কে নিহত রাসেলের ভাবি হন। সাথীর সঙ্গে রাসেলের সম্পর্ক ছিল। এদিকে গিয়াস উদ্দিনের সঙ্গেও সাথীর সম্পর্ক ছিল। এর দ্বন্দ্বে গিয়াস উদ্দিন একরামুল হক ও অলি উল্লাহকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করে লাশ চিওড়া রাস্তার মাথায় ফেলে দেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রোববার গিয়াস উদ্দিন এবং অলি উল্লাহকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর বলেন, “এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি উচ্চ আদালতও এই রায় বহাল রাখবে।”