২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটের ভেতর লুকিয়ে ইয়াবা ‘পাচারের চেষ্টা’, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

“জাহিদুল্লাহ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেটে ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করে।”

জসিম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 04:00 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

কক্সবাজারের টেকনাফে পেটের ভেতরে অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তারের খবর জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

গ্রেপ্তার ১৯ বছর বয়সী মো. জাহিদুল্লাহ টেকনাফ উপজেলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আব্দুর রহমানের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সোমবার বিকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে এক ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে ‘পালকী’ বাস কাউন্টারের দিকে যাচ্ছিল। গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবির একটি দল সেখানে পৌঁছায়।

“এ সময় হাসপাতালের সামনে একটি অটোরিকশাকে সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।”

তার ভাষ্য, “জাহিদুল্লাহকে জিজ্ঞাসাবাদে কথা-বার্তায় অসংলগ্নতা ও আচরণে সন্দেহজনক মনে হয় বিজিবির। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেটে ভেতরে ইয়াবা বহনের সত্যতা স্বীকার করে।

“পরে স্থানীয় একটি প্যাথলজি সেন্টারে শারীরিক পরীক্ষা করা হয়। সেখানে বিশেষ কায়দায় তার পেটের ভেতর থেকে চারটি ছোট ছোট পোটলা বের করা হয়। সেগুলো খুলে পাওয়া যায় ২ হাজার ইয়াবা।”

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর।